প্রতিদিনের রান্নায় একই ধরনের ডাল খেতে অনেকেরই একঘেয়েমি লাগে। তাই স্বাদে একটু পরিবর্তন আনতে কচুর মুখি দিয়ে তৈরি করতে পারেন মজাদার ডাল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও সুস্বাদু কচুর মুখির ডাল তৈরিতে খুব বেশি উপকরণ লাগে না। ঝামেলা ছাড়াই রান্না করা যায়। গরম ভাতের সঙ্গে কচুর মুখির ডাল জমবে বেশ। আর খেতেও ভালো লাগবে।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে কচুর মুখির ডাল রান্না করবেন-
প্রথমে ডাল ভালো করে ধুয়ে অল্প পানি, সামান্য হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার কচুর মুখি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে কচুর মুখিগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। এভাবে আগে ভেজে নিলে কচুর মুখিতে গলা ধরার আশঙ্কা কমে। এরপর ওই তেলেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্ত জিরা ও তেজপাতা দিয়ে সোনালি করে ভেজে নিন। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও আদাবাটা দিয়ে সামান্য পানি ছিটিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।
মসলা কষানো হলে ভেজে রাখা কচুর মুখি দিয়ে ২-৩ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। এরপর সিদ্ধ করা ডাল দিয়ে নেড়েচেড়ে পরিমাণমতো পানি যোগ করুন।
ঝোল ফুটে উঠলে চেরা কাঁচা মরিচ দিয়ে দিন। মাঝারি আঁচে ঢেকে রান্না করুন, যতক্ষণ না কচুর মুখি ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয় এবং ডালের সঙ্গে মিশে ঘন ঝোল তৈরি হয়। সবশেষে চুলা বন্ধ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কচুর মুখির ডাল।





মন্তব্য
(০)