ফলটিকে খুব সম্ভবত আঞ্চলিক ভাষায় 'প্যাচোউরা গাব' বলা হয়। অনেককে 'পেতি গাব' বা 'পাতি গাব'ও বলতে শুনেছি। বাংলার খালপাড়, নদীর কিনারা কিংবা বাড়ির পেছনের ঝোপঝাড়ে একসময় গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত। তবে এখন খুব কম চোখে পড়ে গাছটি। বর্ষা ও শরতের হাওয়ায় পাকা হলদে ভাব আর দেশি গাবের গন্ধ, স্বাদ যেমন গ্রামীণ শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে। তেমনই এই গাছের প্রতিটি অংশই কোনো না কোনো কাজে লেগেছে প্রজন্মের পর প্রজন্ম। আধুনিকতার ছোঁয়ায় আজ অনেক কিছু হারিয়ে গেলেও গাবগাছের বহুমুখী ব্যবহারের গল্প এখনো লোকজ ইতিহাসের জীবন্ত অধ্যায়।
গাব ফলের কাচা অবস্থায় ব্যবহার
কাচা অবস্থায় এই গাব কেটে আগুনে জ্বাল করে, কষ বের করে সেই কষ মাছ ধরার জাল, বাঁশের কিংবা বেতের সরঞ্জাম যেমন- ডালা, কুলা, চালনি এগুলোতে মাখানো হয়। যাতে দীর্ঘদিন সংরক্ষণে থাকে বা স্থায়ী হয়। তবে ফলগুলো পাকলে মিষ্টি একটা ঘ্রাণ পাওয়া যায়। খেতেও অনেক মিষ্টি। চকলেটের মতো চুষে চুষে খেতে হয় বলে ছোটবেলায় এ ফলের নাম দিয়েছিলাম চকলেট গাব। তবে গ্রামাঞ্চলে প্রচলিত আছে, গাব গাছে নাকি ভূত থাকে।
নৌকা, জাল ও আঠার কারিগরি
গাবের ফলই নয়, এর আঠাও ছিল উপকূল ও নদীমাতৃক বাংলার জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিশেষ প্রক্রিয়ায় তৈরি গাবের ট্যানিনযুক্ত আঠা ও নির্যাস কাঠের নৌকার তলানির ফাঁকফোকর বন্ধ করতে ব্যবহার করা হতো, যাতে পানি ঢুকতে না পারে। পাশাপাশি মাছ ধরার জাল, দড়ি কিংবা চামড়া টিকসই ও সুরক্ষিত রাখতে গাবের আঠা ও রঙের প্রলেপ দেওয়ার চল ছিল। জেলেরা জাল মজবুত রাখতে এই প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করতেন।
শক্ত কাঠ ও ঢেঁকির ঐতিহ্য
গাব গাছের কাঠ বেশ শক্ত ও টেকসই হওয়ায় গ্রামীণ আসবাবপত্র, কৃষি সরঞ্জাম এবং নানা কাঠের কাজে গাব গাছের কাঠ ব্যবহৃত হতো। গ্রামবাংলার ঐতিহ্যবাহী ধান ভানা ও চাল কোটার যন্ত্র ঢেঁকি তৈরিতে গাব গাছের শক্ত কাঠ ব্যবহার করা হতো। গাব গাছের কাঠ ছাড়াও কাঁঠাল, শাল বা বাবলার মতো দৃঢ় কাঠ ব্যবহারের নজির আছে।
পরিবেশ ও স্মৃতির সংরক্ষণ
বড় ও ছায়াদানকারী গাছ হিসেবে গাব গাছ পাখিদের আশ্রয়স্থল। খাল-নদীর পাড়ে মাটির ক্ষয় রোধে ভূমিকা রাখে। কিন্তু বসতি বিস্তার, জলাভূমি ভরাট ও দেশীয় গাছের প্রতি অনীহার কারণে গাব গাছ বর্তমানে অনেকটাই কমে এসেছে। আমাদের চারপাশের সাধারণ মনে হওয়া গাছগুলোই আসলে প্রকৃতির ভারসাম্য আর লোকজ সংস্কৃতির ধারক।
সূত্র: জাগো নিউজ ২৪



মন্তব্য
(০)