পথের ধারে, হাটবাজারে যে শতবর্ষী বটগাছ দাঁড়িয়ে থাকে, সেগুলো সাধারণত কেউ রোপণ করেননি। পাখির ছড়িয়ে দেওয়া বীজ থেকেই জন্মেছে। বট ছাড়াও পাকুড়, ডুমুর ও জীবনগাছ (ইন্ডিয়ান চারকোল ট্রি) এভাবেই ছড়ায়। মানুষ এসব গাছের বীজ বপন করলে সাধারণত চারা হয় না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমদ খান প্রথম আলোকে জানিয়েছেন, পাখি এসব গাছের ফল খাওয়ার পর পরিপাকতন্ত্রের অম্ল ও এনজাইমের সংস্পর্শে বীজ অঙ্কুরোদ্গমের উপযোগী হয়। পাখির মলের সঙ্গে মাটিতে পড়ে তবেই চারা গজায়।
পাখিবিশারদ ইনাম আল হকের মতে, দেশে বট-পাকুড়ের বীজ ছড়ায় মূলত হরিয়াল ও কোকিল, আর জীবনগাছের ছোট ফল বেশি খায় বুলবুলি। ভারতের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, একটি ধনেশ পাখি বছরে ১৬ বর্গকিলোমিটার এলাকায় ২৪ থেকে ২৬ হাজার বীজ ছড়ায়। ঝড়ে বা আগুনে বনের ভেতর যে ফাঁকা জায়গা তৈরি হয়, সেখানে এভাবেই নতুন গাছ জন্মায়।
বাংলাদেশে তিন প্রজাতির ধনেশ আছে। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট ২০২০ সালে রাজধনেশকে সংকটাপন্ন তালিকায় রেখেছে, উদয়ী পাকরা ধনেশ আছে ন্যূনতম উদ্বেগের তালিকায়। ধনেশ বড় ও পুরোনো গাছের কোটরে বাসা বাঁধে, তাই এদের টিকে থাকার জন্য পুরোনো বন জরুরি।
হাওর ও জলাশয়েও পাখির ভূমিকা বড়। ইনাম আল হক বলেন, পাখি সারা দিন পানিতে ডুব দেয় বলে পানিতে অক্সিজেন মেশে, যে কাজ পুকুরে মাছচাষিরা যন্ত্র দিয়ে করান। পাখির বিষ্ঠা নাইট্রোজেনসমৃদ্ধ সার। তাঁর দেওয়া এক হিসাবে, সিলেট অঞ্চলের হাওরে প্রতিদিন প্রায় আড়াই টন পাখির বিষ্ঠা পানিতে মেশে, তাতে পুষ্টি পায় মাছ ও জলজ উদ্ভিদ। তাঁর কথায়, যে হাওরে পাখি নামে না, সেখানে দু-এক বছরের মধ্যে মাছও থাকবে না।
পোকা নিয়ন্ত্রণেও পাখি কাজ করে। ইনাম আল হকের হিসাবে শীতে সুন্দরবনে ৮০-৯০ লাখ থেকে ১ কোটি ছোট পাখি থাকে, যারা কাঁকড়া ও কেওড়াগাছের পাতা খাওয়া পোকা নিয়ন্ত্রণে রাখে। দেশের ৭০০ প্রজাতির পাখির মধ্যে ৫০০ প্রজাতিই পোকাখেকো বলে জানান তিনি। তাই গ্রামগঞ্জ, নগর ও মফস্বলে পাখি রক্ষায় সবার মধ্যে সচেতনতা তৈরির ওপর জোর দিয়েছেন তিনি।
প্রতিবেদনটি লিখেছেন প্রথম আলোর মোস্তফা ইউসুফ।
সূত্র: প্রথম আলো

মন্তব্য
(০)