কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারীপাড়া গ্রামের তৌহিদুল ইসলাম তুষার একটি গরু পালন থেকে শুরু করে গড়ে তুলেছেন বড় ডেইরি খামার। গরু পালনের পাশাপাশি দুধ থেকে মাঠা ও ঘি তৈরি করে বাজারজাত করছেন তিনি; খামারে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের।
২০০৫ সালে একটি বকনা দিয়ে শুরু। বাছুর ও দুধ বিক্রিতে লাভ হওয়ায় খামার বাড়ান তিনি; এখন খামারে উন্নত জাতের ১৫টি গাভী। ‘তৌফিক ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট’ নামের খামারে প্রতিদিন ১০০ থেকে ১২০ লিটার দুধ হয়, কখনো ১৫০ লিটার পর্যন্ত।
দুধ সংগ্রহ, ক্রিম আলাদা করা ও মাঠা তৈরির কাজ পুরোটাই মেশিনে স্বাস্থ্যসম্মতভাবে হয়, আর দুধ সংগ্রহের সময় তুষার নিজে উপস্থিত থেকে তদারক করেন। গবাদিপশুর দেখাশোনায় চারজন কর্মচারী আছেন; খামারের পাশে ঘাস চাষের ব্যবস্থা, আর খড়, ভুসি ও খৈলের সুষম খাদ্যে আধুনিক পদ্ধতিতে গরু পালন হয় বলে জানান শ্রমিকেরা। নতুন একটি শেডও হচ্ছে, যেখানে খামারের দুধে দই তৈরি করবেন তিনি।
তুষার জানান, দুধ বিক্রির পাশাপাশি মাঠা তৈরি করে কর্মচারীদের মাধ্যমে ভেড়ামারার বিভিন্ন বাজারে বিক্রি করেন; মাঠা বিক্রির জন্য ২ লাখ ৮০ হাজার টাকায় দুটি গাড়ি বানিয়েছেন, তাতে আরও দুজনের কাজ হয়েছে। দিনে ৪০ থেকে ৮০ লিটার মাঠা বিক্রি হয়, শুক্রবারে আরও বেশি; দাম গ্লাস ২০ টাকা, লিটার ১৪০ টাকা। সব মিলিয়ে দৈনিক আয় ১০ থেকে ১২ হাজার টাকা।
ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারিক হাসান বলেন, উদ্যোক্তাদের নিয়মিত কারিগরি পরামর্শ, রোগ প্রতিরোধ, টিকাদান, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনায় সহযোগিতা দেওয়া হয়; তুষারের মতো উদ্যোক্তারা অন্যদের জন্য অনুপ্রেরণা, তাঁর দেখাদেখি আরও অনেকে বাণিজ্যিক পশুপালনে আসবেন বলে আশা তাঁর। খবরটি কৃষি সময়ের কুষ্টিয়া সংবাদদাতার।
সূত্র: কৃষি সময়




মন্তব্য
(০)