ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে এখন আখের বেচাকেনা জমে উঠেছে। উপজেলার নানা এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা আখ নিয়ে আসছেন। সাপ্তাহিক হাটের দিন ছাড়াও প্রতিদিনই কেনাবেচা চলছে, আর ভালো দাম পেয়ে লাভের মুখ দেখছেন চাষিরা।
কৃষি সময়ের ফরিদপুর সংবাদদাতা জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল, আবাদ হয়েছে ৩২ হেক্টরে। উপজেলার রায়পুর, মেগচামী, বাগাট, কোরকদী ও নওপাড়া ইউনিয়নে আখের চাষ হয়, আর এখানকার মাটি আখের জন্য বেশ উপযোগী।
অনুকূল আবহাওয়ায় এবার মাঠে আখের ফলন ভালো হয়েছে। স্থানীয় কৃষকেরা বলছেন, অন্য ফসলের তুলনায় আখে ঝুঁকি ও পরিচর্যার চাপ কম, খরচের তুলনায় আয় ভালো এবং বাজারে সন্তোষজনক দাম মেলে। এ কারণে উপজেলায় আখের আবাদ দ্রুত বাড়ছে।
উজানদিয়া গ্রামের আখচাষি মো. জিয়াউর জানান, এবার তাঁর জমিতে ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।
আখ ব্যবসায়ী মো. আরাফাত ও রিফাত বলেন, তাঁরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আখ কিনে বাজারে সরবরাহ করেন। এ এলাকার আখ সুস্বাদু বলে চাহিদাও বেশি, আর শুধু হাটের দিন নয়, প্রতিদিনই আখ কেনাবেচা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব ইলাহী জানিয়েছেন, অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এ মৌসুমে উপজেলায় আখের আবাদ বেড়েছে, ফলনও ভালো হয়েছে। বাজারে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে এবং কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।
ছবি: Plague / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)