জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোনকলে দুটি মেছোবাঘ শাবক উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে নাটোর সদর থানা পুলিশ।
সোমবার (২৪ মে) ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সন্ধ্যায় নাটোর সদর থানার সাত নম্বর ওয়ার্ডের পাচানিপাড়া থেকে রবিউল নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বাড়ির পাশে খোলা জায়গায় দুটি মেছোবাঘ শাবক পাওয়া গেছে। এলাকার কিছু লোক শাবক দুটি কিনে নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু কলার বন বিভাগের কাছে শাবক দুটি হস্তান্তর করতে চাচ্ছেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি নাটোর সদর থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।
৯৯৯ থেকে খবর পেয়ে নাটোর সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং থানা থেকে খবর পেয়ে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনারও (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে নাটোর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাজাহান আলী ৯৯৯-কে জানান, তারা মেছোবাঘ শাবক দুটি উদ্ধার করে বন বিভাগের কর্মীদের কাছে হস্তান্তর করেছেন।
পরে বন বিভাগের ব্যবস্থাপনায় শাবক দুটি জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।
টিটি/এআরএ/এমএস





মন্তব্য
(০)