অনেকটা অনিবার্য কারণেই এখন অনেক নাগরিক যুক্ত হচ্ছেন ছাদকৃষিতে। ঢাকা নাখালপাড়ার কোহিনুর আক্তার তেমনি একজন। তিনি ছোটবেলা থেকেই কৃষিকে ভালোবাসেন। ২০১৮ সালে নিজস্ব বাড়ি নির্মাণের পর নিরাপদ শাকসবজি আর ফসল প্রাপ্তির আশায় গড়েছেন ছাদকৃষি। সাত তলার উপরে ২৭০০ বর্গফুট জুড়ে দুই স্তরে উৎপাদন করছেন বিষমুক্ত ফসল।
দেখুন চারপাশ... রীতিমত ঘন এক শস্য ক্ষেতের রূপ এখানে। গাছগাছালির প্রতি গভীর ভালবাসা ছাড়া উঁচু ভবনের উপরেও এমন ফসলি উঠোন সৃষ্টি করা সম্ভব নয়। উদ্যোক্তা বলছিলেন, সবুজ এই ফসলের টানে প্রতিদিনই সময় দেন এখানে।
স্তরে স্তরে প্লাস্টিক ঝুড়িতে সাজানো কচু, শসা, বেগুন, মরিচ, লেবু, টমেটোসহ একাধিক ফলফসল। এসব দিয়ে মিটছে পারিবারিক পুষ্টি চাহিদা।
খুব অল্প সময়ে স্বল্প ব্যয়ে ফসল উৎপাদন করার কৌশল জানালেন তিনি।
উৎপাদন ব্যবস্থায় জৈব নিরাপত্তা নিশ্চিত করছেন তিনি। এর জন্য প্রতিপালন করছেন কবুতর। এটিকে নগরকৃষিতে জৈব সার প্রাপ্তির জন্য সহজ একটি উপায়, বলছেন তিনি।
পরিবারের নতুন প্রজন্ম এবং অসুস্থ স্বামীকে নিরাপদ খাদ্য তুলে দিতে এই উদ্যোক্তা সচেতন হয়েছেন পরিবর্তিত জলবায়ু সম্পর্কে। ভবিষ্যত উৎপাদন ধরে রাখতে সব ধরনের ফসলের বীজ সংগ্রহ করেন।
সবুজ এই আয়োজনটি আত্মিক প্রশান্তির উৎস, যা শহরজীবনে সুস্থ থাকার জন্য দারুণ সহায়ক, দাবি তার।





মন্তব্য
(০)