মেক্সিকোর গরু আমদানির জন্য ৩০ নভেম্বর অ্যারিজোনার নোগালেস (Nogales) প্রবেশবন্দর আবার খোলার দিন ঠিক করেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য পরিদর্শন সংস্থা অ্যাফিস (APHIS)। মেক্সিকোজুড়ে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম ছড়িয়ে পড়ায় বন্ধ হওয়া সীমান্ত ধাপে ধাপে খোলার এটি পরের পদক্ষেপ।
মেক্সিকো থেকে গরু, বাইসন ও ঘোড়া আমদানির জন্য আবার খোলা চতুর্থ বন্দর হবে নোগালেস। এর আগে খুলেছে অ্যারিজোনার ডগলাস ২৪ আগস্ট, নিউ মেক্সিকোর সান্তা তেরেসা ২৪ সেপ্টেম্বর এবং প্রায় দুই বছর বন্ধ থাকার পর নিউ মেক্সিকোর কলম্বাস ২৬ অক্টোবর। অ্যাফিস বলছে, প্রতিটি বন্দরে প্রাদুর্ভাবের আগের নিয়মে ফেরা হচ্ছে না, স্ক্রুওয়ার্মের পরিদর্শন ও পরীক্ষা আরও কড়া করা হয়েছে।
স্ক্রুওয়ার্ম মাংসখেকো পরজীবী মাছির লার্ভা। মেক্সিকোর পশুপাল ও বন্যপ্রাণীর মধ্য দিয়ে এর উত্তরমুখী বিস্তারে একসময় মেক্সিকো থেকে জীবিত গরু, বাইসন ও ঘোড়া আমদানি পুরোপুরি স্থগিত করে ইউএসডিএ। মার্কিন সীমান্ত কর্মকর্তাদের হিসাবে এই পথে বছরে প্রায় ১০ লাখ গরু যুক্তরাষ্ট্রে ঢুকত। টেক্সাস ও নিউ মেক্সিকোতে ৬০টির বেশি সংক্রমণ নিশ্চিত হয়েছে, এর মধ্যে অক্টোবরে প্রথমবার বন্যপ্রাণীতে, একটি এল্কে (elk); ২৮ অক্টোবর অ্যারিজোনাতেও শনাক্ত হয়।
মাছি দমনে অ্যাফিস এবং মেক্সিকো ও পানামার সংস্থাগুলো বন্ধ্যা পুরুষ মাছি ছাড়ছে, যা বুনো স্ত্রী মাছির সঙ্গে মিলিত হলেও বাচ্চা হয় না। টেক্সাসের এডিনবার্গে মুর এয়ার ফোর্স বেসে ৮৫ লাখ ডলারে তৈরি কেন্দ্র থেকে সপ্তাহে ৮ কোটির বেশি বন্ধ্যা মাছি ছাড়া হচ্ছে; ৩ কোটি ১০ লাখ ডলারে সংস্কার করা মেক্সিকোর মেতাপার কারখানা সপ্তাহে আরও প্রায় ১০ কোটি যোগ করবে বলে আশা। মার্কিন সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সঙ্গে পরিকল্পিত নতুন কারখানা শুরুতে সপ্তাহে ১০ কোটি এবং ২০২৮ সালের শেষ নাগাদ ৩০ কোটি মাছি তৈরি করবে।
অ্যাফিস ৮,০০০-এর বেশি পোকা-ফাঁদের মধ্যে ১০০টির বেশি স্ক্রুওয়ার্ম-ফাঁদ চালাচ্ছে, টেক্সাসের আকাশে ১,০০০-এর বেশি ড্রোন নজরদারি উড়ান চালিয়ে ২০,০০০-এর বেশি প্রাণী পর্যবেক্ষণ করেছে, আর ১৩০টির বেশি ট্রেইল ক্যামেরা বসিয়েছে। ইউএসডিএর নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম গ্র্যান্ড চ্যালেঞ্জ ৪০টি গবেষণা প্রকল্পে প্রায় ১০ কোটি ৫০ লাখ ডলার দিয়েছে। নভেম্বরের শেষে অ্যারিজোনার আরেকটি বন্দর খোলার কথা রয়েছে।
ছবি: Charles O'Rear / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: গ্লোবাল এগ্রিকালচার



মন্তব্য
(০)