চট্টগ্রামের মিরসরাইয়ে বিষাক্ত সাপের কামড়ে গোলাম কিবরিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকায় এ ঘটনা ঘটে।
গোলাম কিবরিয়া ওই এলাকার আব্বাস বাড়ির মৃত নুরুল আবছারের ছেলে।
স্থানীয় শিক্ষক মো. ইয়াসিন বলেন, সকালে গোলাম কিবরিয়া কৃষিজমিতে কীটনাশক দিতে গেলে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। বিষয়টি বাড়িতে এসে কাউকে জানাননি। দুপুরে খাওয়া পর ডোমখালী বাজারের পল্লিচিকিৎসকের কাছে গেলে তিনি তাকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন গোলাম কিবরিয়া। তিন বছর আগে দেশে এসে কৃষিকাজ শুরু করেন। তার দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। রাত সাড়ে ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।





মন্তব্য
(০)