যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) রুরাল এনার্জি ফর আমেরিকা প্রোগ্রামের (রিপ) জন্য মন্তব্যের সুযোগসহ একটি চূড়ান্ত বিধি জারি করেছে। এই কর্মসূচির আওতায় কৃষক ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসা জ্বালানি ব্যবস্থা বসাতে এবং জ্বালানি সাশ্রয়ী উন্নয়নে নিশ্চয়তাযুক্ত ঋণ ও অনুদান পায়। কর্মসূচির পরবর্তী আবেদনের সময় খোলার আগে রুরাল বিজনেস কো-অপারেটিভ সার্ভিসের মাধ্যমে বিধিটি দিয়েছে ইউএসডিএর রুরাল ডেভেলপমেন্ট।
ইউএসডিএ বলছে, নতুন বিধি আবেদনপ্রক্রিয়া সহজ করবে, সংস্থার ঝুঁকি কমাবে এবং করদাতার অর্থ সুরক্ষিত রাখবে। রুরাল ডেভেলপমেন্টের আন্ডার সেক্রেটারি গ্লেন আর. স্মিথ বলেন, এতে কাগজপত্রের ঝামেলা কমবে, ফলে কৃষক ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের কাজে বিনিয়োগে বেশি সময় দিতে পারবেন।
স্মিথ আরও বলেন, বিধিটি উর্বর কৃষিজমিকে অতিরিক্ত বড় সৌরপ্রকল্প থেকে রক্ষা করবে এবং করদাতার টাকায় হওয়া জ্বালানি বিনিয়োগে প্রতিপক্ষ বিদেশি রাষ্ট্রের যন্ত্রাংশ মার্কিন খামারে বসানো ঠেকাবে। তাঁর ভাষায়, এই কর্মসূচি কাজ করবে গ্রামীণ আমেরিকার জন্য, বিদেশি সরবরাহ শৃঙ্খল বা ভালো কৃষিজমিকে উৎপাদনের বাইরে নিয়ে যাওয়া প্রকল্পের জন্য নয়।
কৃষিমন্ত্রী ব্রুক এল. রলিন্সের দাবি, বিধিটি কর্মসূচিতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফেরাবে। তাঁর অভিযোগ, অনেক আবেদনকারী অনির্ভরযোগ্য জ্বালানির উৎসকে অগ্রাধিকার দিয়েছেন এবং ঘোষিত লক্ষ্য পুরোপুরি পূরণ করেননি।
বিধি কার্যকর হওয়ার আগে আবেদনকারী ও সংস্থার সই করা ফর্ম ১৯৪০-১ (অর্থ বরাদ্দের অনুরোধ) থাকলে সেসব আবেদন কর্মসূচির শর্ত মেনে চললে বিবেচনা করা হবে। প্রতিটি ব্যক্তি বা প্রতিষ্ঠান এক অর্থবছরে নির্দিষ্ট সর্বোচ্চ অনুদান পাবে। মালিকানা বা ব্যবস্থাপনায় সরাসরি বা পরোক্ষভাবে, যে হারেই হোক, যুক্ত প্রতিষ্ঠানগুলোকে একটি প্রতিষ্ঠান ধরা হবে এবং তাদের মোট অর্থায়ন সীমা ছাড়াতে পারবে না।
আবেদন শুরু ও শেষের তারিখ জানিয়ে বার্ষিক কর্মসূচি নোটিশ পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইউএসডিএ। আগ্রহী কৃষকদের নিজ অঙ্গরাজ্যের এনার্জি কো-অর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ছবি: Nicholas A. Tonelli / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: ইউএসডিএ





মন্তব্য
(০)