রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধায় সরকারের সার কার্ড চালুর পর ডিলারের দোকানে আগের মতো দীর্ঘ লাইন বা বিশৃঙ্খলা নেই বলে জানাচ্ছেন কৃষকেরা। কার্ড দেখিয়েই তাঁরা নির্ধারিত পরিমাণ সার নিতে পারছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদন অবলম্বনে খবরটি দিয়েছে এগ্রিকেয়ার২৪।
এই পাঁচ জেলার তিন শতাধিক ইউনিয়নে ১ নভেম্বর থেকে সার কার্ড বিতরণ শুরু হয়েছে। রংপুর বিভাগীয় কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রংপুর কৃষি অঞ্চলে নিবন্ধিত কৃষক ১২ লাখ ৮৮ হাজার ৫১৫ জন, তাঁদের মধ্যে কার্ড পেয়েছেন ৬ লাখ ৫৫ হাজার ১২৩ জন। লালমনিরহাটে নিবন্ধিত ২ লাখ ৩৯ হাজার ১৪৩ কৃষকের মধ্যে ৯৫ হাজার জন কার্ড পেয়েছেন, বাকিদের বিতরণ চলছে।
লালমনিরহাটের আদিতমারীর কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামের কৃষক মো. আজগর আলী বলেন, আগে সার নিতে নানা ঝামেলা পোহাতে হতো, এখন কার্ড থাকায় সহজেই নির্দিষ্ট পরিমাণ সার পাওয়া যাচ্ছে। একই ইউনিয়নের পূর্ব শালমারার সুশীল চন্দ্র রায়ও জানান, আগের হয়রানি আর নেই। রংপুরের কাউনিয়ার বালাপাড়ার আফছার আলী চার বিঘায় রবি ফসলের প্রস্তুতি নিচ্ছেন, কার্ডের কারণে সার পেতে সমস্যা হয়নি বলে জানান।
বিএডিসি ডিলার মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বাচ্চু মিয়া বলেন, কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা, সারের হিসাব রাখা ও সুষ্ঠু বণ্টন সহজ হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে অনিয়ম ও সিন্ডিকেটের সুযোগও কমেছে।
আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার জানান, জেলায় সারের পর্যাপ্ত মজুত আছে; উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কার্যক্রম তদারক করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, কৃষকের সারপ্রাপ্তি সহজ করতেই সরকার কার্ড চালু করেছে, অঞ্চলে পর্যাপ্ত সার মজুত আছে।
রংপুর কৃষি অঞ্চলের হিসাবে নিবন্ধিত কৃষকের প্রায় অর্ধেক এখনো কার্ড পাননি।
সূত্র: এগ্রিকেয়ার২৪




মন্তব্য
(০)