ময়মনসিংহ নগরের ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি কলোনির দেয়ালে দেয়ালে এখন ঝুলন্ত ফুলের বাগান। উপহারের ঝুড়ি, পুরোনো বালতি আর মগে লাগানো ফুল ও পাতাবাহারে রঙিন হয়ে উঠেছে কলোনির সড়ক; রাতে হাসনাহেনার সুবাসে ভরে ওঠে এলাকা।
সমকাল জানায়, ২০২৩ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন কলোনির ভাঙাচোরা সড়ক ও নালা সংস্কার করে। এরপর মুরাদ হাসান কানন, মেহেদী হাসান মুহিত, সাইফুল ইসলাম ও উত্তম সরকার নামের চার তরুণ বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে বাসাবাড়ির দেয়ালে বাগান করার প্রস্তাব দেন, সবাই রাজি হন। মাত্র তিন মাসে প্রায় ৮০০ ফুট সড়কের দুই পাশের দেয়ালে গড়ে ওঠে বাগানটি।
পরিত্যক্ত বালতি, মগ ও ঝুড়িকে টব বানিয়ে লাগানো হয়েছে অর্কিডসহ নানা প্রজাতির ফুল ও পাতাবাহার গাছ। গাছে গাছে সাঁটানো আছে বার্তা: ‘এ গাছগুলো বিক্রির জন্য নহে’। উদ্যোক্তা মুরাদ হাসান বলেন, তাঁদের ছোট উদ্যোগ এলাকার পরিবেশ এভাবে বদলে দেবে, তা তাঁরা ভাবেননি।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বাগানটি দেখতে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি উদ্যোগের প্রশংসা করে দেশের শহরগুলোতে এই মডেল ছড়িয়ে দেওয়ার কথা বলেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে কলোনিটির একটি ছবি পাঠিয়েছিলেন।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ বছর প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার, দেশের মাটি ও আবহাওয়ার উপযোগী ফলদ, ঔষধি ও শোভাবর্ধক গাছে জোর দেওয়া হচ্ছে। প্রতিবেদনটি সমকালের ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদকের।
ছবি: Cary Bass / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0); হাসনাহেনা ফুল
সূত্র: সমকাল





মন্তব্য
(০)