রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রচণ্ড গরমের জন্য নির্বিচারে গাছ কাটাকে দায়ী করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, একসময় এই ঢাকা ছিল গাছ-পালায় ভরপুর। মাটি ছিল উর্বর। নিজেদের স্বার্থের কথা ভাবতে গিয়ে বনভূমি উজাড় করে ফেলেছি। এখন রাস্তায় বের হলে আর আগের মতো ছায়া পাই না। বিশুদ্ধ অক্সিজেন হাব কোথাও নেই। অসহ্য তীব্র গরমে হাঁসফাঁস করতে থাকি। প্রকৃতি তার প্রতিশোধ নিতে শুরু করেছে। তাই মনে হলো আর গাছ কেটে ফেললেন, এটা করা যাবে না।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর মহাখালীর এ কে খন্দকার সড়কে ডিএনসিসি ও বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অভিযানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, একসময় সুজলা-সুফলা-শস্য-শ্যামলা সবুজ বাংলাদেশ নামে এই দেশের খ্যাতি ছিল। এখন আর এটা নেই। আমরা গাছ কেটে বনভূমি উজাড় করে ফেলছি। গাছপালা কমে যাওয়ায় শ্যামল ছায়া আর দেখতে পাওয়া যায় না। সবুজ শ্যামল বাংলাদেশ থেকে দূরে সরে গিয়েছি। এগুলো এখন আমাদের কাছে ইতিহাস মনে হয়। ঢাকা শহরে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সেই ইতিহাসকে সামনে নিয়ে আসতে চাই। আবার ঢাকা শহরকে সবুজ ছায়ায় ছেয়ে দিতে চাই।
ডিএনসিসি মেয়র বলেন, আমি দাবি জানিয়েছিলাম যারা সুষ্ঠুভাবে ছাদবাগান করবেন সেইসব বাসার মালিকদের ১০ শতাংশ হোল্ডিং টেক্স ছাড় দেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই সুবিধা এখন সব সিটি করপোরেশন ও পৌরসভাকে দিচ্ছে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আমাদের বাঁচার একটাই পথ- বিপুর সংখ্যক গাছ লাগাতে হবে। যেখানেই ফাঁকা জায়গা সেখানেই বৃক্ষরোপণ করে পরিচর্যা করতে হবে। এভাবে এগোতে থাকলে ঢাকা হবে আবার সেই সবুজ ঢাকা এবং একটি পরিপূর্ণ অক্সিজেন হাব।
যেকোনো পরিস্থিতিতে ডিএনসিসিসহ যেকোনো সংস্থাকে আর একটি গাছও না কাটার আহ্বান জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, কোনো কাজের জন্য গাছ কাটার দরকার হলে আসুন আমরা বসি, আলোচনা করি। বাস্তবতা বিচার করি। মনে হলো আর গাছ কেটে ফেললেন, এটা করা যাবে না।
এমএমএ/কেএসআর/জেআইএম





মন্তব্য
(০)