মদিনার ঐতিহাসিক মসজিদগুলোর একটি মসজিদ আল-সুকইয়া, যার সঙ্গে জড়িয়ে আছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বদরযাত্রার স্মৃতি। বার্তা২৪-এর ইসলাম ডেস্ক মসজিদটির ইতিহাস তুলে ধরেছে।
৬২৪ খ্রিষ্টাব্দে, দ্বিতীয় হিজরিতে মুসলিমদের সঙ্গে মক্কার কোরাইশদের বদর যুদ্ধ হয়। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, যুদ্ধযাত্রায় মদিনা থেকে বেরিয়ে মহানবী (সা.) সুকইয়া এলাকায় অবস্থান করেন, সাহাবিদের নিয়ে নামাজ পড়েন ও প্রস্তুতি পর্যালোচনা করেন। বয়স কম থাকায় কয়েকজনকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়; বাকিদের বাহন, পোশাক ও খাবারের জন্য তিনি দোয়া করেন।
বর্ণনায় আছে, এখানেই তিনি মদিনার মানুষের জীবিকা, খাদ্য ও বাণিজ্যে বরকতের দোয়া করেছিলেন। মদিনাকে নিরাপদ ও পবিত্র নগরী হিসেবে প্রতিষ্ঠার কথাও সুকইয়ার বর্ণনার সঙ্গে যুক্ত।
মসজিদের নাম পাশের সুকইয়া কূপের নামে। ঐতিহাসিক সূত্রে কূপটি সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-এর সম্পত্তি বলে উল্লেখ আছে, আর বদরযাত্রায় মহানবী (সা.) এর পানি ব্যবহার করেছিলেন বলে বর্ণিত। সৌদি আরবের হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়ন কর্মসূচির ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ৭৭৮ হিজরিতে এক পারস্যবাসী কূপটি সংস্কার করেন বলে এটি ‘বির আল-ফারিসি’ নামেও পরিচিত হয়; বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের আমলে ১৪২৩ হিজরি বা ২০০২ সালে আবার সংস্কার হয়।
মসজিদটি মদিনার পুরোনো আনবারিয়া, অর্থাৎ হেজাজ রেলওয়ে স্টেশনের কাছে। ছোট এই স্থাপনার ছাদে তিনটি গম্বুজ। ধারণা করা হয়, উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ইবনে আবদুল মালিকের আমলে মদিনার গভর্নর উমর ইবনে আবদুল আজিজ এটি নির্মাণ করেন।
সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় ঐতিহাসিক মসজিদ সংরক্ষণের উদ্যোগে সম্প্রতি মসজিদ ও কূপের এলাকা সংস্কার ও পুনর্বাসন করা হয়েছে।
ছবি: Imam Khairul Annas / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: বার্তা২৪





মন্তব্য
(০)