সাধারণ গুদামে রাখলেও জনপ্রিয় জাতগুলোর চেয়ে অনেক বেশিদিন অঙ্কুরোদগম ক্ষমতা ধরে রাখে এমন একটি সয়াবিন জার্মপ্লাজম সারি সেল-ইসি১০২৩ (Sel-EC1023) শনাক্ত করেছেন গবেষকেরা, জানিয়েছে ফার্মস ডটকম। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সয়াবিন বীজ দ্রুত নষ্ট হয়; এতে চারা কম গজায়, বেশি বীজ লাগে, খামারের লাভ কমে।
তিন বছর ধরে বহু সয়াবিন জিনোটাইপ যাচাই করে সারিটি বেছে নেওয়া হয়। এরপর একে তুলনা করা হয় বহুল চাষ হওয়া দুটি জাত ডিএস৯৭১২ ও জেএস৩৩৫-এর সঙ্গে। তিনটিই রাখা হয় একই সাধারণ পরিবেশে, গড়ে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ৬৫ থেকে ৭০ শতাংশ আপেক্ষিক আর্দ্রতায়; এক, দুই ও তিন বছর পর অঙ্কুরোদগম পরীক্ষা করা হয়।
শুরুতে তিনটিরই অঙ্কুরোদগম ছিল ৯০ শতাংশের বেশি। ১২ মাস পর সেল-ইসি১০২৩ ধরে রাখে ৮৮ শতাংশ, যেখানে ডিএস৯৭১২ নামে ৮০ আর জেএস৩৩৫ নামে ৭২ শতাংশে। দুই বছর পর ব্যবধান আরও বাড়ে: সেল-ইসি১০২৩ তখনো ৮০ শতাংশ, ডিএস৯৭১২ ৫২ আর জেএস৩৩৫ মাত্র ৩৮ শতাংশ। তৃতীয় বছরে বাণিজ্যিক জাত দুটির মান অনেক নেমে যায়, কিন্তু সেল-ইসি১০২৩ থাকে ৬০ শতাংশের ওপরে।
কৃষকের জন্য দীর্ঘস্থায়ী বীজ মানে বীজের হার না বাড়িয়েই ভালো চারা; বীজ কোম্পানির জন্য গুদামে কম ক্ষতি আর সহজ মজুত ব্যবস্থাপনা। গবেষকেরা সেল-ইসি১০২৩-কে মূলত নতুন জাত উদ্ভাবনের দাতা পিতৃ-মাতৃ সারি হিসেবে দেখছেন, যাতে উচ্চ ফলনের সঙ্গে দীর্ঘ সংরক্ষণক্ষমতা মেলানো যায়। সারিটি ভারতের নয়াদিল্লির ন্যাশনাল ব্যুরো অব প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেসে আইএনজিআর২৪০৩৩ নম্বরে নিবন্ধিত।
সয়াবিনকে প্রায়ই সোনালি শিম বলা হয়; এতে সাধারণত ৪০ থেকে ৪৫ শতাংশ আমিষ ও ১৮ থেকে ২০ শতাংশ তেল থাকে, তাই এটি খাদ্য, পশুখাদ্য ও শিল্পপণ্যের বড় উৎস।
ছবি: Scott Bauer / উইকিমিডিয়া কমন্স (Public domain)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)