খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর এলাকার একটি বসতবাড়ি থেকে শনিবার বিকেলে বিরল প্রজাতির একটি চিতা বিড়াল উদ্ধার করেছে বন বিভাগ। পরে প্রাণীটিকে আলুটিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
খাগড়াছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, প্রাণীটি মানুষের বসতবাড়িতে ঢুকে পড়লে স্থানীয়রা খবর দেন। উদ্ধারের সময় চিতা বিড়ালটি বন বিভাগের দুই কর্মীকে কামড়ে আহত করে।
তবে পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল উদ্ধার করা প্রাণী অবমুক্তিতে সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, উদ্ধারের পর প্রাণীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা দরকার, অসুস্থ হলে পুনর্বাসন বা পরিচর্যা কেন্দ্রে রাখতে হয়। তিনি বলেন, প্রাণীটিকে অসুস্থ মনে হয়েছে; কয়েক দিন পর্যবেক্ষণে রেখে ছাড়লে ভালো হতো।
মাহফুজ রাসেলের অভিযোগ, বন বিভাগের বন্যপ্রাণীর চিকিৎসার কোনো কেন্দ্র নেই, যেখানে পিটাছড়ায় প্রাণীদের সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
প্রতিবেদনটি পাঠিয়েছেন বাংলাভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি।
সূত্র: বাংলাভিশন




মন্তব্য
(০)