ডিম দিয়েই তৈরি করা যায় নানা রকম মজার পদ। কখনো ডিমের ঝোল, কখনো ভুনা, আবার কখনো ওমলেটের ঝোল কিংবা পোচ, সহজ এই উপকরণটি দিয়েই প্রতিদিনের রান্নায় আনা যায় বৈচিত্র্য। তবে চেনা ডিমের ভুনায় যদি একটু নতুন স্বাদ আনতে চান, তাহলে মিশিয়ে দিতে পারেন কাজুবাদাম। ডিমের সঙ্গে কাজুবাদামের মেলবন্ধনে তৈরি এই পদটি হতে পারে ঘরোয়া খাবারের তালিকায় দারুণ এক সংযোজন। মসলার ঝাঁঝ, ডিমের স্বাদ আর কাজুবাদামের মিষ্টি-বাদামি ঘ্রাণে রান্নাটি হয়ে উঠবে আরও সুস্বাদু ও মুখরোচক।
আসুন জেনে নেওয়া যাক ডিমে রান্নায় কাজু বাদাম কীভাবে ব্যবহার করবেন-
প্রথমে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। চাইলে ডিমে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিতে পারেন। এতে ডিমের বাইরের অংশে সুন্দর রং ও স্বাদ আসবে। এরপর ব্লেন্ডারে কাজুবাদাম ও সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। কড়াইতে তেল বা ঘি গরম করে পেঁয়াজ কুচি বেজে নিন, এবার আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে ফেটিয়ে রাখা টকদই ও কাজুবাদামের পেস্ট দিয়ে মৃদু আঁচে ভালোভাবে নেড়ে কষাতে থাকুন।
মসলা ভালোভাবে কষানো হলে পরিমাণমতো গরম পানি ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে সিদ্ধ ডিমগুলো কড়াইতে দিয়ে দিন। সবশেষে কাঁচা মরিচ, ক্রিম, গরম মসলা গুঁড়া, বেরেস্তা ছড়িয়ে ঢেকে দিন। ঝোল ঘন হয়ে তেল ওপরে উঠে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম সাদা ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।





মন্তব্য
(০)