ধানমন্ডিতে অস্থায়ী কাঁচাবাজার ও খিলগাঁওয়ে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর সাড়ে ৬টায় ধানমন্ডির (৫/এ) সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনের রাস্তার ওপর স্থাপিত অস্থায়ী কাঁচাবাজার এবং বিকেলে খিলগাঁও এলাকায় ফুটপাত দখলের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হয়।
ধানমন্ডির অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার আর খিলগাঁওয়ের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান। অভিযানে মলা, কোরাল, ইলিশ, চিংড়ি, রুই, শোল, বোয়াল, আইড়সহ প্রায় ২০ প্রজাতির ১ হাজার ৪১ কেজি মাছ, ১৪ হালি মুরগি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা মাছ ও মুরগি আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানা প্রাঙ্গণে নিয়ে সাত এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় ফলমূলসহ জব্দ করা অন্যান্য জিনিস স্পট নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
অভিযানপ্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, 'প্রতিদিন ভোর থেকে সকাল অব্দি ধানমন্ডির ৫/এ এলাকায় অস্থায়ী কাঁচাবাজার বসিয়ে যান চলাচল ও মানুষের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করা হয়। এ পরিপ্রেক্ষিতে আজ ভোরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। মেয়রের নির্দেশনা অনুসারে রাস্তা দখল করে সৃষ্ট এমন অস্থায়ী কিংবা স্থায়ী কাঁচাবাজারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।'
এমএমএ/এমএএইচ/





মন্তব্য
(০)