চট্টগ্রামে সাপের কামড়ে তানজিনা আকতার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২ নভেম্বর) ভোরে বোয়ালখালীতে এ ঘটনা ঘটে।
তানজিনা বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা ১ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। শাকপুরা রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অহিউদ্দিন সুমন বলেন, বুধবার ভোর ৪টার দিকে তানজিনা নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা তানজিনাকে সাপে কেটেছে বলে জানিয়েছেন।
স্থানীয় শাকপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে সাপে কাটে। সাপের বিষের কারণে ছটফট করতে থাকলে তাকে ভোরে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তানজিনার বাম হাতের মধ্যমা আঙ্গুলে সাপে কাটার দাগ পাওয়া গেছে।
ইকবাল হোসেন/জেডএইচ/জিকেএস





মন্তব্য
(০)