কানাডায় কৃষিজমির দাম ২০২৬ সালের প্রথমার্ধেও বেড়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোর চেয়ে ধীরে। ফার্ম ক্রেডিট কানাডার (এফসিসি) মধ্যবর্ষ পর্যালোচনা অনুযায়ী, জানুয়ারি থেকে জুনে চাষের জমির দাম জাতীয়ভাবে গড়ে ৩.৮ শতাংশ বেড়েছে, ২০২৫ সালের একই সময়ে যা ছিল ৬ শতাংশ। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসে বেড়েছে ৭ শতাংশ, আগের ১২ মাসে যা ছিল ৯.৩ শতাংশ।
এফসিসির প্রধান অর্থনীতিবিদ ক্রেগ জনস্টন বলেন, প্রবৃদ্ধির গতি কমলেও কানাডার কৃষিজমির দাম স্থিতিশীলতা দেখাচ্ছে। উৎপাদন খরচ বৃদ্ধি, কম মুনাফা এবং বাণিজ্য, শুল্ক ও আন্তর্জাতিক বাজার নিয়ে অনিশ্চয়তায় ক্রেতারা সতর্ক ও বাছাই করে কিনছেন।
প্রথমার্ধে সবচেয়ে বেশি বেড়েছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে, ১১.৯ শতাংশ; এরপর কুইবেকে ৬.২ শতাংশ, আলবার্টা ও ম্যানিটোবায় ৫.৩ শতাংশ করে। নোভা স্কোশিয়ায় বেড়েছে ৩.৬, সাসকাচুয়ানে ২.৬, অন্টারিওতে ২.৪ এবং নিউ ব্রান্সউইকে ২.১ শতাংশ। একমাত্র ব্রিটিশ কলাম্বিয়ায় দাম কমেছে, ১.৯ শতাংশ।
এফসিসি বলছে, স্থানীয় পরিস্থিতির গুরুত্ব বাড়ছে। শক্তিশালী কৃষি অঞ্চলের উৎপাদনশীল জমিতে ক্রেতার আগ্রহ রয়ে গেছে, কম গুরুত্বপূর্ণ জমিতে দর হচ্ছে বাছাই করে। অন্টারিওতে চাহিদা এখন আগ্রাসী সম্প্রসারণের বদলে ভালো মানের জমি ও কৌশলগত কেনাকাটায়, যা মহামারি-পরবর্তী জমির উল্লম্ফনের সময় থেকে অনেক আলাদা।
২০২০ সালে শুরু হওয়া প্রবৃদ্ধির চক্র বিশ্লেষণ করে এফসিসি দেখেছে, শুরুর দিকে এগিয়ে থাকা কয়েকটি প্রদেশ থেকে গতি সরে গেছে প্রেইরি অঞ্চলে, বিশেষ করে আলবার্টায়। আলবার্টায় চাষের জমির দাম প্রথমার্ধে ৫.৩ এবং বছরে ৯.৪ শতাংশ বেড়েছে; সবচেয়ে বেশি বেড়েছে বেশি বেচাকেনা হওয়া উত্তর ও পিস অঞ্চলে। দক্ষিণ আলবার্টায় শুষ্ক জমির বিক্রি কম, তবে সেচের জমি দামের বড় চালিকা শক্তি হয়ে আছে।
ছবি: Esther Lee / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: Farms.com



মন্তব্য
(০)