ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ডিসি ঘাট এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নৌ-র‌্যালিটি কীর্তনখোলার বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার ডিসি ঘাটে এসে শেষ হয়।
নৌ-র‌্যালিতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন সরকারের ২২দিনের নিষেধাজ্ঞার সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার জন্য জেলা ও উপজেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ‎এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।
জেলা প্রশাসক জানিয়েছেন, এ অভিযানের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি দেশে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে। পাশাপাশি ‎‎নিষেধাজ্ঞা বাস্তবায়নের সময় জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।
‎‎মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বরিশালে জেলের সংখ্যা ৭৯ হাজার ৬২৩ জন। এরমধ্যে কার্ডধারী জেলে ৬৬ হাজার ৫২৪ জন। কার্ডধারী জেলেদের জন্য ১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগে জেলের সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার। এরমধ্যে ৩ লাখ ৪০ হাজার জেলেকে চাল দেয়া হবে।
শাওন খান/আরএইচ/জেআইএম





মন্তব্য
(০)