জলবায়ু পরিবর্তনের কারণে চরম তাপমাত্রা অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের জন্য ক্রমেই বড় ঝুঁকি হয়ে উঠছে। ফিজির নাদিতে সোমবার (৫ অক্টোবর) শুরু হওয়া ‘প্রি-কপ’ সম্মেলনে এ বিষয়ে সতর্ক করবেন জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল, জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সম্মেলন চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
এএফপির তথ্য অনুযায়ী, স্টিয়েল বলবেন, তাপমাত্রা যত বাড়ছে, গর্ভাবস্থার ঝুঁকিও তত বাড়ছে; চরম তাপের সঙ্গে সময়ের আগে সন্তান জন্ম, মৃত সন্তান প্রসব, কম ওজনের শিশু জন্ম আর মায়ের নানা শারীরিক জটিলতার সম্পর্ক ক্রমেই স্পষ্ট হচ্ছে। তাঁর ভাষায়, ‘চিত্রটি স্পষ্ট এবং অত্যন্ত উদ্বেগজনক।’
স্টিয়েল একটি নতুন জরিপের তথ্যও তুলে ধরবেন। দাতব্য সংস্থা ওয়েলকামের এই জরিপে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল ও জিম্বাবুয়ের এক হাজার ধাত্রী ও চিকিৎসক অংশ নেন। প্রায় সবাই চরম তাপে অসুস্থ হওয়া মা বা নবজাতকের চিকিৎসা করেছেন বলে জানিয়েছেন। প্রায় এক-তৃতীয়াংশ বলেছেন, তাঁরা কম ওজনের শিশু জন্ম, শিশুর বেড়ে ওঠায় বাধা, খাওয়ায় সমস্যা এবং পানিশূন্যতা বা তাপজনিত অসুস্থতার ঘটনা দেখেছেন, যার পেছনে তাঁরা চরম তাপকে দায়ী মনে করেন।
ওয়েলকামের চেয়ারওম্যান ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এক বিবৃতিতে বলেন, ‘চরম তাপমাত্রা অদৃশ্য ঘাতক। কিন্তু অন্তঃসত্ত্বা নারীদের ঝুঁকিটা যেন উপেক্ষা করা না হয়।’ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও সমাধান নেতাদের হাতে আছে, এখন পদক্ষেপ নেওয়ার পালা, বলেন তিনি।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনে চরম আবহাওয়ার ঘটনা তীব্র হচ্ছে, তাপমাত্রার রেকর্ড আগের চেয়ে ঘন ঘন ভাঙছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণ সংস্থার তথ্য বিশ্লেষণ করে এএফপি জানিয়েছে, পশ্চিম ইউরোপ, সাহেল ও মধ্য আমেরিকার প্রায় ৩৩টি দেশ এ বছর রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে উষ্ণ জুলাই দেখেছে।
ফিজি ও প্রবালদ্বীপ টুভালুতে আয়োজিত এই প্রি-কপ৩১ সম্মেলন আগামী মাসে তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রস্তুতিপর্ব। প্রশান্ত মহাসাগরীয় নেতারা একে জলবায়ু সংকটের সম্মুখসারির মানুষের দিকে বিশ্বের নজর টানার সুযোগ হিসেবে দেখছেন।
প্রতিবেদনটি এএফপির খবরের ভিত্তিতে প্রথম আলোর।
ছবি: Instant Vantage / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0) (তাপপ্রবাহে পানিতে স্বস্তি খুঁজছেন এক ব্যক্তি)
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)