চায়ের উৎপাদন বাড়লেও স্বকীয়তা ও গুণগত মান ধরে রাখতে দ্রুত কীটনাশকের ব্যবহার কমাতে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ। রোববার (১১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে 'গুণগত মানের চা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ও চা আস্বাদন' অধিবেশনে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান জানান, আগের বছরের তুলনায় দেশে চায়ের উৎপাদন ১৭ শতাংশ বেড়েছে, আর উত্তরাঞ্চলে বেড়েছে ৪০ শতাংশ। ১৯৪৭ সালে দেশে মোট চা উৎপাদন ছিল ১৮ মিলিয়ন কেজি, ১৯৭০ সালে ২৮ মিলিয়ন কেজি; এখন শুধু পঞ্চগড়েই বছরে প্রায় ২৫ মিলিয়ন কেজি চা হচ্ছে।
তিনি বলেন, চায়ের পাতায় অতিরিক্ত কীটনাশক ব্যবহারে এর গুণগত মান ও স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হয়। উৎপাদন বৃদ্ধির ধারা ধরে রাখার পাশাপাশি এ অঞ্চলের চায়ের মান আরও উন্নত করতেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।
সমতলের চা-চাষিদের দীর্ঘদিনের সারসংকট প্রসঙ্গে চেয়ারম্যান জানান, সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সার বরাদ্দ সম্পন্ন হয়েছে; শিগগিরই চাষিরা বরাদ্দের সার পাবেন বলে আশা করা হচ্ছে। চা আইন সংশোধনের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, শিগগিরই অনুমোদনের আশা করছেন তিনি।
কর্মশালায় সমতলের ৬০ জন চা-চাষি ও কারখানার মালিক অংশ নেন। শেষে ৩০টি প্রক্রিয়াজাতকরণ কারখানার চা বিশেষজ্ঞ টি-টেস্টাররা পরীক্ষা করেন। চা বোর্ডের সদস্য মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক ও পরিচালক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
ছবি: Nisad.nhn / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এগ্রিকেয়ার২৪





মন্তব্য
(০)