কিছুদিন আগেই গেছে ঈদুল ফিতর। এবার এল ঈদুল আজহা। রোববার (১০ জুলাই) উদযাপিত হতে যাচ্ছে মুসলিমদের এই ধর্মীয় উৎসব।
কলকাতায় বিগত দুই বছর করোনার জন্য ভালোভাবে পালন করা যায়নি ঈদুল আজহা। এই বছর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বেশ জমে ওঠার আশা করেছিলেন গরু ও ছাগল হাটের ব্যাপারীরা।
কিন্ত বেশি দামের কারণে মাথায় হাত পড়েছে ক্রেতাদের, দেখা দিয়েছে উদ্বেগ। রাজাবাজারের এক গরু বিক্রেতা বারিউল মোল্লা জানান, একদিকে কলকাতা থেকে গরু চলে যাচ্ছে বাংলাদেশে, অন্যদিকে পাঞ্জাব, বিহার ও উত্তরপ্রদেশ থেকে প্রতিবার যে গরু আসতো তা এবার আর সেরকম আসেনি, ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম অনেক বেশিই হচ্ছে।
এদিকে মোমিনপুরের হাটে মানুষ ভিড় করেছেন, কিন্তু গরু ব্যবসায়ী শেখ ইমরোজ জানালেন, আগের তুলনায় দাম অনেক বেশি, তাই অনেকেই গরু কিনতে পারছেন না।
অন্যদিকে ছাগলের বাজার কিছুটা হলেও মানুষের নাগালের মধ্যে রয়েছে। আমিন মোল্লা জানালেন, মানুষ আসছেন, দেখছেন ও পছন্দ করছেন কিন্তু দাম শুনেই অনেকে পিছিয়ে যাচ্ছেন। আসলাম খাঁ বলেন, ভালো জাতের গরু কেনার জন্য অনেকেই আসছেন কিন্তু যেভাবে দাম বেড়েছে তাতে করে মুখ ভার করে থাকছেন ক্রেতারা।
গরু কিনতে আসা আনিসুর রহমান বলেন, অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু খালি হাতেই ফিরতে বাধ্য হচ্ছি কারণ গত দুই বছর আগেও গরুর দাম নাগালের মধ্যেই ছিল কিন্তু এবার তা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
করোনার পর সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হলেও গরুর দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে সবাই। ফলে যে যার মতো করে ব্যবসা করে চলেছে এই বছর।
পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই এই একই অবস্থা। ফলে সবার মাথাতেই হাত পড়েছে। কীভাবে গরু কিনবেন তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ।
এমএসএম/জেআইএম





মন্তব্য
(০)