ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) ও আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)। নিহত দুইজন চাচাতো বোন।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় জেরিন ও চাঁন মনি আম কুড়াতে যায়। এসময় গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। এতে গুরুতর আহত হয় চাঁন মনি।
তিনি আরও বলেন, স্বজনরা চাঁন মনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঝড়ে বেশকিছু গাছপালা ও বোরো ধানের ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, নিহতের পরিবার উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসক বরাবর আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
মঞ্জুরুল ইসলাম/এমআরআর/এএসএম





মন্তব্য
(০)