ছাদবাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা মাঠে ডিএনসিসির বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা, খালের পাড়, রেললাইনের ধার, লেকের পাড়, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও সুবিধাজনক স্থানে টিম গ্রুপের পক্ষ থেকে দেয়া মোট দুই লাখ গাছের চারা রোপণ করা হবে। সবুজায়নের মাধ্যমে ঢাকাকে একটি অক্সিজেন হাব হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, সবার বাসযোগ্য একটি সুস্থ ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে সুবিধাজনক স্থানগুলোতে পর্যাপ্ত সংখ্যক গাছের চারা রোপণ ও পরিচর্যার জন্য ডিএনসিসির পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়ে সেগুলোর পরিচর্যা করতে হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশুকে জন্মসনদের সাথে সাথে লংকাবাংলা ফাইন্যান্সের অর্থায়নে জিও ব্যাগে করে একটি করে গাছের চারা উপহার দেয়া হবে। কংক্রিটের ঢাকা থেকে বাঁচতে হলে বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছের কোনো বিকল্প নেই। তাই আমাদের সকলকে নিজেদের প্রয়োজনেই গাছ লাগাতে হবে।
তিনি বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশের উন্নয়নে কাজ করতে হবে এবং পানিসহ সব প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে সেগুলোর পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ২৪টি জায়গাকে খেলার মাঠে রূপান্তরিত করা হচ্ছে। করোনা মহামারির পরপরই আটটি মাঠ খুলে দেয়া হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমএ/বিএ/এএসএম





মন্তব্য
(০)