ভিয়েতনাম থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পর্যায়ে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৫১৫ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা। ফলে প্রতি কেজি চালের দাম পড়বে ৫১ টাকা ৫০ পয়সা।
বুধবার (১২ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ভিয়েতনামের ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশন (ভিনাফুড-২) থেকে এই চাল আমদানি করা হবে। প্রতিষ্ঠানটির ঠিকানা ভিয়েতনামের হো চি মিন শহরের কাও খো ওয়ার্ডের ৩৩৩ ট্রান হুং দাও।
চাল আমদানিতে মোট ব্যয় হবে ৫১৫ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা। এক মেট্রিক টনে ১ হাজার কেজি (এক লাখ মেট্রিক টনে হয় ১০ কোটি কেজি)। এ হিসাবে প্রতি কেজি চাল কিনতে ব্যয় হচ্ছে ৫১ টাকা ৫০ পয়সা। প্রতি মেট্রিক টন চালের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১৬ মার্কিন ডলার।





মন্তব্য
(০)