রাত তখন গভীর। পরিবারের সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, ঠিক তখনই বাড়ির উঠান থেকে ভেসে আসে অস্বাভাবিক শব্দ। বাইরে উঁকি দিতেই চোখে পড়ে গা শিউরে ওঠার মতো দৃশ্য—একটি বিশাল কিং কোবরা বা শঙ্খচূড় সাপ আর একটি অজগর লড়াইয়ে ব্যস্ত। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। প্রাণভয়ে বাইরে ছুটে যান পরিবারের সদস্যরা।
খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন গ্রামবাসী। পরে বন বিভাগের সহায়তায় দীর্ঘ উদ্ধার অভিযানের মাধ্যমে সরিয়ে নেওয়া হয় দুই সরীসৃপকে। সেই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের বাগাহা এলাকার গোনাউলিতে।
পরিবারটির বাড়ি ভাল্মিকী টাইগার রিজার্ভসংলগ্ন বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের ঠিক বিপরীতে। ঘন বনাঞ্চলের পাশে হওয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসে।
তবে একই সময়ে একটি শঙ্খচূড় ও একটি অজগরকে বাড়ির সীমানার ভেতরে মুখোমুখি অবস্থায় দেখতে পাওয়ার ঘটনা এলাকাবাসীর জন্য ছিল একেবারেই ব্যতিক্রমী।
পরিবারের সদস্যরা প্রথমে নিরাপদ দূরত্বে সরে যান। এরপর দ্রুত বন বিভাগ ও সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন।
बिहार के बगहा में एक घर के आंगन में मंगलवार देर रात किंग कोबरा और अजगर एक साथ नजर आए. स्नेक रेस्क्यू टीम मौके पर पहुंची और दोनों को सुरक्षित पकड़कर जंगल में छोड़ दिया. #Bagaha #KingCobra #Python #SnakeCredit- Abhishek Pandey pic.twitter.com/EGk8cFcKYu
এর মধ্যে ঘটনাটি জানাজানি হলে আশপাশের গ্রামের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকে দূর থেকে মোবাইল ফোনে বিরল সেই দৃশ্য ধারণের চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেশ কিছু সময় ধরে শঙ্খচূড় ও অজগরের এই মারামারি চলছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান একজন প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী। তিনি প্রথমেই উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে দুই সাপকেই জীবিত উদ্ধার করেন।
পরে শঙ্খচূড় ও অজগরকে নিরাপদে কাছের বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভাল্মিকী টাইগার রিজার্ভের আশপাশের এলাকায় সাপসহ বিভিন্ন বন্য প্রাণী প্রায়ই লোকালয়ে চলে আসে।
এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে নিজ উদ্যোগে কোনো প্রাণী ধরার চেষ্টা না করার পরামর্শ দিয়েছেন তারা। কোনো বন্য প্রাণী দেখা গেলে দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দিতে বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডেকেএএ/





মন্তব্য
(০)